আশুলিয়ায় রিপন মিয়া (৩২) নামের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার কুটুরিয়া এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলায় ফাঁসি লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপন মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা মনোহরপুর উত্তর পাড়ার মৃত আদিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে নিয়ে আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকায় মেজর ইকবালের ভাড়া বাড়ির একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রিপন শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তিনি বাসায় থাকতেন বেকার হিসেবে। গত দুই মাস ধরে তার মানসিক আচরণও স্বাভাবিক ছিল না। গত মঙ্গলবার রাতে রিপন অন্য সময়ের চেয়ে বেশি মানসিক ভারসাম্যহীনের আচরণ শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দেন।
পরে রিপনের আত্মীয়রা হতাহতের আশঙ্কায় রিপনের অন্তঃসত্তা স্ত্রী ও সন্তানকে অন্য ঘরে নিয়ে রাখেন। আজ সকালে রিপনের ঘরে তাকে ডাকতে আসলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে ঘর থেকে রিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিপনের মানসিক আচরণ অস্বাভাবিক ছিল এটার তার পরিবার দাবি করেছে। পরিবারে অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
