ইকার্দির হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের সেমিতে পিএসজি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০২:১৬ এএম

আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনাল নিশ্চিত করল পিএসজি।

বুধবার পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ অঁজিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মাউরিসিও পচেত্তিনোর দল। তুলে নিয়েছে ৫-০ গোলের দাপুটে জয়।

ইকার্দির হ্যাটট্রিকের দিনে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও। জানুয়ারির পর প্রথম গোল করলেন তিনি। আত্মঘাতী থেকে এসেছে অন্য গোলটি।

পিএসজির সামনে মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি। লিগ ওয়ানে তারা টেবিলের দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা লিলের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে প্যারিসের দলটি। এখনো বাকি আছে ৫টি করে ম্যাচ।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছে পিএসজি। ইউরোপের শীর্ষ এ প্রতিযোগিতার শেষ চারের প্রথম লেগে ২৮ এপ্রিল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। ৪ মে দ্বিতীয় লেগের খেলাটি হবে সিটির মাঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত