রাজশাহীতে নার্স ননিকা রানী রায় হত্যা মামলায় গ্রেপ্তার ‘প্রেমিক’ নিমাই চন্দ্র সরকারের বোন-ভগ্নিপতিও জড়িত বলে জানিয়েছে রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ননিকাকে নিয়ে ‘পারিবারিক অসন্তোষ’ থেকেই এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে তদন্তে পেয়েছে পিবিআই। রেলওয়ে পুলিশের কন্সটেবল নিমাই ননিকাকে গত ৬ এপ্রিল নগরীর তেরখাদিয়া এলাকায় স্টেডিয়ামের পেছনে একটি ভাড়া বাসা নিয়ে যায়। সেখানেই ননিকাকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ১৪ এপ্রিল রাত ১২টা থেকে ১টার মধ্যে কবির ও সুমনকে নিয়ে ঘুমন্ত ননিকার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে নিমাই। এর আগে নিমাইয়ের বোন ও ভগ্নিপতির সঙ্গে ফোনে কথা বলে নিমাইয়ের সহযোগী কবির ও সুমন। এ সময় ননিকাকে হত্যার পর কী হবে, তার সবকিছু তারাই দেখবে বলে ওই দুজনকে আশ্বাস দেয় নিমাইয়ের বোন ও ভগ্নিপতি। হত্যাকান্ডের একদিন পর ডিবি পরিচয়ে গাড়িভাড়া করে চালের ড্রামে ভরে লাশ নদীতে ফেলে দেয় তার
এদিকে ননিকাকে হত্যার আগ মুহূর্তে বোন গোলাপী ও তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন সািেনমাইয়ের দুই সহযোগী কবির আহম্মেদ (৩০) ও সুমন আলী (৩৪)। এমনকি হত্যাকান্ডের ব্যাপারে কবির ও সুমনকে অভয়ও দেয় ওই দুজন। এ ছাড়া নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশের চাকরি থেকে একবার বহিষ্কারও হয়েছিল নিমাই।
পিবিআই জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে কবির ও সুমন দাবি করেছে দীর্ঘদিনের বন্ধু নিমাইয়ের অনুরোধে এ হত্যাকান্ড ও লাশ গুমে সহায়তা করে তারা। এর সঙ্গে নিমাইয়ের বোন ও ভগ্নিপতিও জড়িত রয়েছে। হত্যার পর প্রথমে ননিকার গলায় ওড়না পেঁচিয়ে রুমের ফ্যানের সঙ্গে গত ১৪ এপ্রিল রাত থেকে ১৫ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ঝুলিয়ে রাখে তারা। প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে লাশ গুম করে তারা।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রাজশাহী জেলার এসআই মো. জামাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘হত্যাকান্ডে জড়িতদের মধ্যে দুজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মূল আসামি নিমাই চন্দ্র সরকারকে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ হত্যাকা-ের পরিকল্পনার সঙ্গে আরও কিছু ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য, গত শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ইউনাইটেড কলেজের সামনে কালভার্টের নিচে একটি ড্রামের মধ্যে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
