রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৬ এএম

রাজধানীতে গতকাল বুধবার পৃথক ঘটনায় তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় মারধরের শিকার হয়ে রনি মিয়া (১১) নামে এক শিশু মারা যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। নন্দীপাড়ার একটি বাসায় উম্মে সাদিয়া (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রায়ের বাজারে সাজেদা বেগম সাজু (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

খিলক্ষেতে নিহত রনির মামা স্বপন মিয়া  অভিযোগ, খিলক্ষেত মধ্যপাড়ার বাসায় মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি।

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার একটি বাসা থেকে উম্মে সাদিয়া (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে নন্দীপাড়ার ১৩০২ নম্বর বাড়ির পাশে একটি পাকা ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রায়ের বাজার টিলাবাড়ি এলাকার বাসায় সাজেদা বেগম সাজু (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় সাজেদার স্বামী মাছ ব্যবসায়ী টিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে অচেতন অবস্থায় সাজেদাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজেদার বড় ভাই ফরহাদ হোসেন জানান, এক বছর আগে সাজেদার বিয়ে হয়েছে। তাদের কোনো সন্তান নেই। ভোরে টিটুর বাসার পাশের বাসায় ভাড়াটিয়া তানিয়া অচেতন অবস্থায় সাজেদাকে পড়ে থাকতে দেখে। তানিয়া খবর জানায় স্বজনদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত