এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফর্মে পরপর দুটি চুক্তির খবর দিয়ে আলোচনার ঝড় তুলল হলিউডের নামি প্রতিষ্ঠান সনি পিকচার্স। নেটফ্লিক্সের পর তারা সিনেমা শেয়ার করবে ডিজনির সঙ্গে।
হলিউড রিপোর্টার জানায়, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি শেষ হলে ২০২২-২৬ মেয়াদে থিয়েট্রিক্যাল রিলিজের পর অন্যান্য সুবিধা নেবে ডিজনি।
হলিউডের বড় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল উইন্ডো খুললেও ব্যতিক্রম সনি, সেই সুবিধা তারা অন্যভাবে নিতে যাচ্ছে এবার।
নেটফ্লিক্স একটিমাত্র প্ল্যাটফর্ম হলেও ডিজনির স্ট্রিমিং ও টিভি উইন্ডো এ সুবিধা পাবে।
এ চুক্তিতে সনির ছবি মুক্তি পাবে ডিজনি প্লাস ও হুলুতে। এ ছাড়া এবিসি, ডিজনি চ্যানেল, ফিফর্ম, এফএক্স ও ন্যাশনাল জিওগ্রাফিকের মতো টিভি নেটওয়ার্কও এর অন্তর্ভুক্ত।
সপ্তাহখানেক আগে জানা যায়, সনি ও নেটফ্লিক্সের মধ্যে ফার্স্ট-পে উইন্ডো সার্ভিসের চুক্তি হয়েছে, যদিও সাধারণত থিয়েটারে মুক্তির ১৮ মাস পর ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ছবি ছাড়া হয়। এ চুক্তি শেষ হলেই ডিজনির প্ল্যাটফর্মে পে টু উইন্ডোজ হিসেবে সনির ছবি দেখা যাবে।
সনির লাইব্রেরিতে রয়েছে বেশকিছুর মার্ভেল কমিকসের চরিত্র, যেমন; ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। আরও আছে হোটেল ট্রান্সসিলভানিয়া ও জুনামজি ফ্র্যাঞ্চাইজি। সনির মুক্তি প্রতিক্ষীত ছবির মধ্যে রয়েছে মরবিয়াস, আনচার্টেড, বুলেট ট্রেন ও স্পাইডার-ভার্সের সিক্যুয়েল। রয়েছে জনপ্রিয় ও প্রশংসিত অনেক ছবি।
এ চুক্তি নিয়ে সনি ও ডিজনির কর্মকর্তারা বলছেন, ভোক্তাদের চাহিদা বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত। আশা করছেন দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন তারা।
