করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার সময় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে অক্সিজেন ট্যাংকার লুটের অভিযোগ তুলেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
তার দাবি, হরিয়ানা থেকে ফরিদাবাদগামী একটি অক্সিজেন ট্যাংকার দিল্লি সরকার লুট করেছে।
তিনি বলেছেন, ‘এই ঘটনার পর হরিয়ানা সরকার মেডিকেল অক্সিজেন সরবরাহ করার সব ট্যাংকার যাতায়াতের ক্ষেত্রে পুলিশ প্রহরার নির্দেশ দিয়েছে।’
ভারতে এই মুহূর্তে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে বেসামাল পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার ভয়াবহ বৃদ্ধির কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে গোটা দেশে।
এমন পরিস্থিতিতে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের বক্তব্য, ‘আমাদের দিল্লিকে অক্সিজেন সিলিন্ডার পাঠাতে বাধ্য করা হয়েছে। আমরা আগে নিজেদের পরিস্থিতি সামাল দেব, তারপর অন্য কোথাও অক্সিজেন পাঠাব। গতকাল আমাদের একটা অক্সিজেনের ট্যাংকার দিল্লি সরকার লুঠ করেছে, সেটি ফরিদাবাদ যাচ্ছিল। এর পর থেকে প্রতিটা ট্যাংকারের যাতায়াতে পুলিশ প্রহরা থাকবে।’
মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে অক্সিজেনের আবেদন করেছিলেন। বুধবারের মধ্যে এই অক্সিজেনের ঘাটতি না মিটলে শহরে অশান্তি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ শিশোদিয়া।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউতে ভয়ানক পরিস্থিতি মধ্যপ্রদেশেরও। একদিকে অভিযোগ উঠেছে, করোনায় মৃতদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না শিবরাজ সিং চৌহানের সরকার। অন্যদিকে সরকারের দাবি, রাজ্যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে অক্সিজেনের জোগান রয়েছে। সেখানে মধ্যপ্রদেশের দামোহ জেলার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লুঠ করার ঘটনা প্রকাশ্যে এসেছে।
