ফেইসবুকে 'সরকারবিরোধী' পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৯:১৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ায় ইমরানুল হক ইমরান (২৯) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে তাকে ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ইমরান তার ফেইসবুক আইডি থেকে সরকারবিরোধী বিভিন্ন উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও সে মনগড়া নানা তথ্য প্রচার করছে। বুধবার রাত ১১টার দিকে ফেনী পৌরসভার দক্ষিণ চাড়িপুরস্থ অইধন ভূঞা বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। মোবাইলসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়। ইমরান মহিপাল সরকারী কলেজ রোড এলাকার আবদুল করিমের ছেলে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত