ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দাদের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
উত্তরণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে ১৩শ’ যৌনকর্মীর মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলার চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ প্যাকেট বিস্কুট, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা ও একটি সাবান।
অসহায় নারী ঐক্য সংগঠনের সহযোগিতায় উত্তর দৌলতদিয়া সোহরাপ মন্ডলপাড়া সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙিনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গত বছর করোনার কারণে লকডাউন করলে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে হাবিবুর রহমান স্যারের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কয়েকবার যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হয়। ১৪ এপ্রিল থেকে সারা দেশে করোনা সংক্রমণের রোধে লকডাউন ঘোষণা করা হয়। তাই এবার অসহায় যৌনকর্মীর কথা ভেবে প্রাথমিকভাবে ১৩শ’ জনের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছে উত্তরণ ফাউন্ডেশন।
অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনার কারণে গত একটি বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা অসহায়। দীর্ঘদিন লকডাউন থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা।
