বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সকল সদস্যদের করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসার জন্য রাজধানীর চারটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে পরিচালক সমিতি৷ এই হাসপাতালগুলোতে সমিতির সদস্যদের জন্য চিকিৎসা সেবার ক্ষেত্রে মিলবে বিশেষ সুবিধা। হাসপাতালগুলো হচ্ছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইনসাফ বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতাল, ইমপালস হাসপাতাল ও অ্যাডভান্স হাসপাতাল।
পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা এবারের লকডাউনের আগ মুহূর্তে হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সকল কথাবার্তা শেষ করে নিয়ে এসেছিলাম। কিন্তু লকডাউনের কারণে লিখিত চুক্তি করতে পারিনি। তবে মৌখিকভাবে তারা আমাদের পরিচালকদের করোনার চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।’
স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি পরিচালক সমিতি থেকে আর্থিকভাবে অসচ্ছল সদস্যদের জন্যও সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
শাহীন সুমন বলেন, ‘আসলে আমাদের সমিতির ফান্ডে তো ওইভাবে কোন টাকা পয়সা নেই। এরপর যতটুকু আছে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থা করে যারা এ সময়ে নানাভাবে সমস্যায় ভুগছেন তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এটা ঠিক সাহায্য না বলে আমরা উপহার বলতে চাই।'
