খাদ্য নিশ্চিত না করে ‘লকডাউনে’র সুফল সম্ভব নয় : জি এম কাদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:৩০ এএম

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে ‘লকডাউনের’ সুফল অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, ‘দেশের কোটি কোটি মানুষ দিন এনে দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।’ গতকাল শুক্রবার জাতীয় পার্টি থেকে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে জি এম কাদের বলেন, খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণ দরকার। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না।

তিনি আরও বলেন, করোনা মহামারীর প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল। তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি ‘লকডাউন’ শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত