আবারও অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে মারা গেল করোনা রোগী। চিকিৎসক ও স্বজনদের চোখের সামনে প্রাণ যায় ২০ জনের। জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
অক্সিজেনের অভাব দিল্লিতে কী ভয়ংকর অবস্থা তৈরি করেছে, তা ফের সামনে আনল এই ঘটনা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডি কে বালুজা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সরকারের তরফে আমাদের হাসপাতালের জন্য সাড়ে ৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। সেই অক্সিজেন শুক্রবার বিকেল ৫টার মধ্যে আসার কথা ছিল। কিন্তু এসে পৌঁছে মধ্যরাতে। ততক্ষণে ২০ জন রোগীর মৃত্যু হয়।’’
ওই হাসপাতালে অন্তত ২২৫ জন কভিড রোগীর অবস্থা সংকটজনক। তাদের সার্বক্ষণিক অক্সিজেন দরকার বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। যদিও ওই সব রোগীকে পর্যাপ্ত সরবরাহ করার মতো অক্সিজেন মজুত নেই বলে জানান তিনি।
এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল।
দিল্লির অধিকাংশ হাসপাতালে অক্সিজেনের অভাব প্রকট। শনিবার সকালে মূলচাঁদ হাসপাতাল কর্তৃপক্ষ একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের উদ্দেশে। সেখানে লেখা হয়, “জরুরি সাহায্য দরকার। যা অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে ২ ঘণ্টাও চলবে না। অথচ ১৩৫ জন রোগীর অবস্থা সংকটজনক।”
এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন ও মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। আক্রান্ত ও মৃত্যু দুই ক্ষেত্রে নতুন হলো শনিবার।
দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ ও মারা গেছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।
