করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। গতকাল শনিবার এক দিনে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৭ হাজার ৩৩ জন ও নারী ৭০ হাজার ২৮৮ জন।
এদিকে দ্বিতীয় ডোজের মধ্যে প্রথম ডোজের টিকাদান কর্মসূচিও চলছে। গতকাল ২০ হাজার ১৯৪ জন প্রথম ডোজ নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ২৭০ জন ও নারী ৭ হাজার ২৮৮ জন। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। এদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন।
দেশে এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৬ হাজার ৫৫৬ জন। এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। গতকাল টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গতকাল সরকারি ছুটি থাকায় চারটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। এদিন ঢাকা মহানগরে ৪৩ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে ১৭ হাজার ৩৪৫ জন পুরুষ ও ১০ হাজার ৩১ জন নারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ হাজার ৪১৮ জন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ৭২২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭২১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯১০ জন টিকা নিয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬০ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৮ হাজার ৮৮২ জন, চট্টগ্রামে ৩৯ হাজার ৩৯৩ জন, রাজশাহীতে ২০ হাজার ১৪৫ জন, রংপুরে ১৪ হাজার ৯৬৪ জন, খুলনায় ২৫ হাজার ৭৬৯ জন, বরিশালে ৯ হাজার ৪৪ জন ও সিলেটে ৮ হাজার ৩৯৬ জন টিকা নিয়েছেন।
