রাঙ্গুনিয়ায় নিখোঁজ ট্রাক চালকের লাশ মিলল ডোবায়

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:১৩ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৮ দিন পর ডোবা থেকে আজিজুল হক (২২) নামের এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ঘটনায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩০) নামের একজনকে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিনগত রাত ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা চৌধুরীখীল  পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে আজিজুল হকের গলিত লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কী।

নিহত আজিজুল হক উপজেলা ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার আব্দুল হাকিমের ছেলে।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া নিজাম উদ্দিন উপজেলার পোমরা হাজীপাড়া নোয়াগাও জঙ্গল এলাকাবাসী মোহাম্মদ নুরুল আলমের ছেলে। তারা সন্দ্বীপ থেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, উদ্ধারকৃত ট্রাক চালকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিখোঁজের ব্যাপারে থানায় দেয়া পরিবারের জিডি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশী তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত