সড়ক দুর্ঘটনায় হাত হারানো শাহানা ঘুরে দাঁড়াতে চান

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ এএম

এক সময়ের গার্মেন্টস কর্মী শাহানা (৩৫) অভাবের তাড়নায় রোজগারের জন্য নিজ ঘরেই শুরু করেন সেলাইয়ের কাজ। নিজের ও স্বামীর আয়ে কোনোরকমে সংসার চলত। করোনা পরিস্থিতি শুরুর পর সংকটে পড়েন শাহানা। স্বামী আনোয়ার হোসেন হোটেল শ্রমিক হলেও এখন বেকার। কোনো দিন কাজ পেলে করেন আর না পেলে অলস সময় কাটে তার।

দর্জির কাজের পাশাপাশি অভাব ঘুচাতে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কথা ছিল শাহানার। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে যায়। একটি সড়ক দুর্ঘটনার পর তার ডান হাতটি কেটে ফেলতে হয়। টাকার অভাবে চিকিৎসা পূর্ণ করতে পারছেন না।

শাহানা খাতুনের বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব জালাসী এলাকায়। তিনি গত ২৫ মার্চ বোন ফাহিমাকে নিয়ে পঞ্চগড় ইএসডিও কার্যালয়ে গিয়েছিলেন ঋণ নিতে। ঋণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বোনকে নিয়ে রিকশায় করে বাড়ির দিকে রওনা দেন। পথে শহরের প্রাণিসম্পদ অফিসের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন শাহানা। এ সময় ট্রাকের পেছনের একটি চাকা তার ডান হাতের ওপর দিয়ে চলে যায়। তার ডান হাতটির বেশির ভাগ অংশ কেটে ফেলতে হয়। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি শাহানা।

চিকিৎসকরা বলেছেন দ্রুত প্লাস্টিক সার্জারি করাতে হবে। শিগগিরই তার হাতে প্লাস্টিক সার্জারি না করাতে পারলে ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

শাহানা জানান, তার দুই সন্তান। মেয়ে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। ছেলের বয়স দেড় বছর। শাহানা  বাড়িতে দর্জির কাজ করে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা উপার্জন করতেন। স্বামী হোটেল শ্রমিক হিসেবে কাজ করতেন। এই আয় দিয়েই চলত তাদের সংসার। রাত দিন দুহাতে সুই সুতার কাজ করে উপার্জন করা শাহানার জীবন এখন থমকে গেছে। একটি সড়ক দুর্ঘটনা তার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কৃত্রিম হাত সংযোজনের ইচ্ছে আছে তার। তিনি আবারও জীবন সংগ্রাম শুরু করতে চান।

শাহানা বলেন, ধারদেনা করে এতদিন তার চিকিৎসা চলেছে। এখন টাকা না থাকায় প্লাস্টিক সার্জারি করাতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত