কালকিনিতে পুলিশের উপর হামলায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:০৩ এএম

পুলিশের উপর হামলার ঘটনায় এবং বিস্ফোরক মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজী ও একই ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফজলু বেপারীকে গ্রেপ্তার করেছে কালকিনি মডেল থানা পুলিশ।

রবিবার বিকেলে লক্ষিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজীর সঙ্গে একই ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফজলু বেপারীর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।

এর জের ধরে গত শুক্রবার রাতে সাবেক ই্উপি চেয়ারম্যান ফজলু বেপারীর নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তোফাজ্জেল হোসেন কেন্দুর পক্ষের লক্ষীপুর বাজারের প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ীর দোকানপাট কুপিয়ে ভাংচুর চালায় এবং দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ সময় উভয় পক্ষই বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে খাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনিস ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। এ বোমা বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় কালকিনি থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলু বেপারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, পুলিশের উপর হামলা ও বিস্ফোরণের মামলায় ওই দুই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত