কালকিনিতে পুলিশের ওপর হামলা মামলায় ২ চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৫:৫২ এএম

পুলিশের ওপর হামলার ঘটনা এবং বিস্ফোরক মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজী ও একই ইউপির সাবেক চেয়ারম্যান ফজলু বেপারীকে গ্রেপ্তার করেছে কালকিনি মডেল থানা পুলিশ। গত রোববার বিকালে লক্ষিপুর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজীর সঙ্গে একই ইউপির সাবেক চেয়ারম্যান ফজলু বেপারীর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে গত শুক্রবার রাতে সাবেক চেয়ারম্যান ফজলু বেপারীর নেতৃত্বে তার লোকজন তোফাজ্জেল হোসেন কেন্দুর পক্ষের লক্ষিপুর বাজারের অর্ধশতাধিক দোকানপাটে ভাঙচুর এবং মালামাল লুটপাট করে। এ সময় উভয় পক্ষই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে বাধা দিলে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনিস ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, হামলা ও বিস্ফোরণের মামলায় ওই দুই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত