রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি আমদানি করতে বেশ কয়েকটি রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্র্তৃপক্ষ।
তাদের দাবি, টিকাটির নিরাপত্তা এবং কার্যকারিতা যাচাই করার মতো প্রয়োজনীয় তথ্য তাদের কাছে নেই।
এএফপি জানায়, বড় আকারের পরীক্ষা চালানোর আগেই গত বছরের আগস্টে স্পুৎনিক-ভি ব্যবহারের অনুমোদন দেয় রাশিয়া। ওই সময়ে টিকাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে পরে এ টিকাটির ব্যাপকভাবে ইতিবাচক পর্যালোচনা পাওয়া যায়। ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা যায় টিকাটি ৯০ শতাংশের বেশি কার্যকর। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) এখনো টিকাটির অনুমোদন দেয়নি।
ব্রাজিলের কেন্দ্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক
কর্র্তৃপক্ষ আনভিসা জানিয়েছে, রুশ টিকাটি প্রয়োগের অনুমতি চেয়ে গত মাসে তাদের কাছে আবেদন পাঠায় বেশ কয়েকটি রাজ্য কর্র্তৃপক্ষ। গত সোমবার আনভিসার প্রেসিডেন্ট বারা টোরেস বলেন, ‘আমরা কোনোভাবেই ব্রাজিলের লাখ লাখ মানুষকে এমন পণ্য ব্যবহার করতে দেব না যার মান, নিরাপত্তা এবং কার্যকারিতা যাচাই করা হয়নি।’
