আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারও সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।
বুধবার বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, ‘জনগণকে বাঁচাতে আমাদের ভ্যাকসিন দরকার। যেখান থেকে ভ্যাকসিন পাবো, সেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করবো। এখানে কারো সঙ্গে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। ভ্যাকসিন দরকার ভ্যাকসিন নেব।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ সময় শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, তার জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়। যারা ‘৭৫ এর নির্মম হত্যাকান্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে।
শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন ও আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
