বিএনপি সবসময় দুষ্কৃতকারীদের পক্ষ নেয় : তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৭:০০ এএম

বিএনপি সবসময় দুষ্কৃতকারীদের পক্ষ নেয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্যই নানা উল্টাপাল্টা কথা বলছে। করোনার টিকা নিয়ে তারা (বিএনপি) বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয় মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে। সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারী মোকাবিলা করছে এবং একই সঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।’

জাতির পিতার শহীদ দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেপ্তার হয়েছিলেন। তাদের পাকিস্তানি সেনাবাহিনী অন্তরীণ করে রেখেছিল। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত