জীবন পাওয়া করুনারত্নের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৩:১৩ পিএম

সাজঘরে ফিরতে পারতেন প্রথম সেশনেই। পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের ২০তম ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নের ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। লঙ্কান অধিনায়কের রান তখন ২৮। জীবন পেয়ে দ্বিতীয় সেশনে ফিফটি উদ্‌যাপন করেন তিনি।

এরপর রানের গতি বাড়িয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। তাইজুলের করা ৫৫.২ ওভারে ২ রান নিয়ে ‘ব্যাক ‍টু ব্যাক’ সেঞ্চুরি উদযাপন করেন তিনি। এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেন করুনারত্নে। অবশ্য সেই সেঞ্চুরিকে পরে নিয়ে যান দ্বিশতকে। খেলেন ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংস।

তার আগে অভিষিক্ত শরীফুল ইসলামের করা ১০.৫ ওভারে এক রান নিয়ে শ্রীলঙ্কার হয়ে দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইফলকে পা রাখেন করুনারত্নে।

সেঞ্চুরির পথে আছেন আরেক লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। লাঞ্চ বিরতি থেকে ফিরে তিনিও ফিফটি উদযাপন করেন। গত ছয় ইনিংসের মধ্যে এটি পঞ্চম ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে প্রথম ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৫৮ ওভারে বিনা উইকেটে করেছে ১৮৮ রান। ১৭৫ বলে ১৩ চারে ১০৬ রানে ব্যাট করছেন করুনারত্নে। ১৭৪ বলে ৮ চারে ৮০ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন থিরিমান্নে।

কেন্ডির পাল্লেকেলেতে দুই দলের দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামে একাদশে এক পরিবর্তন নিয়ে। লঙ্কানদের একাদশে এসেছে দুই পরিবর্তন। সিরিজর প্রথম টেস্ট ড্র হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত