ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০২ মে ২০২১, ০১:২৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট বিশ্বাস (২৬) নামের এক ভেকু ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছেন তার বন্ধুরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- ওই গ্রামের সেলিমে হোসেনের ছেলে শিমুল হোসেন (২৫) ও একই গ্রামের আনছার আলীর ছেলে সবুর আলী।

রবিবার রাত ৯টার দিকে চুটলিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় হত্যার  ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, চুটলিয়া গ্রামে একটি মার্ডারের ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি শিমুল ও ৫ নম্বর আসামি সবুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত