পশ্চিমবঙ্গে যে ৫ কারণে মুখ থুবড়ে পড়ল বিজেপি

আপডেট : ০৩ মে ২০২১, ১২:০৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার নির্বাচনে সাড়া জাগিয়ে লড়াই চালালেও শেষ রক্ষা হলো না বিজেপির। গেরুয়া শিবিরের অনেক আশা ছিল এ বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। দলটির নেতারা অনেকটাই নিশ্চিত ছিল জয় নিয়ে।

রবিবার ভোট গণনার পর সব হিসেব নিকেশ উল্টে গেল। বিশাল জয় নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।

বিজেপির এই হিসেব-নিকেশ উল্টে দেয়া পরাজয়ের কারণ খুঁজতে বসেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের নেতারা। তাতে প্রাথমিক ভাবে ৫টি কারণ দেখছেন রাজ্য নেতারা।

১। মুখের অভাব। রাজ্য বিজেপি নেতারা প্রচার পর্বে অনেক পরিশ্রম করলেও নেতা হিসেবে কোনো মুখ তুলে ধরতে পারেননি। এই সিদ্ধান্ত ছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বেরই। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বাংলার ‘ভূমিপুত্র’ই মুখ্যমন্ত্রী হবেন বলে জানালেও আলাদা করে কারও নাম বলেননি। অন্য দিকে, তৃণমূলের মুখ ছিলেন ১০ বছর মুখ্যমন্ত্রী থাকা লড়াকু নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

২। বাংলার কোনও নেতাকে মুখ হিসেবে তুলে না ধরার জন্য নীলবাড়ির লড়াইয়ে বড় বেশি নির্ভরতা ছিল কেন্দ্রীয় নেতাদের ওপরে। আর সেই নির্ভরতাকে ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ করেছে তৃণমূল। বিজেপি প্রাথমিক ভাবে মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের এই আক্রমণকেই সমর্থন দিয়েছে বাংলার মানুষ।

৩। ২০১৬ সালে বিজেপি রাজ্যে মাত্র ৩টি আসনে জিতেছিল। সেখান থেকে একেবারে ক্ষমতায় আসার যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা দলের অভিজ্ঞতার তুলনায় অনেকটাই বেশি।

৪। প্রচার পর্বে অনেক ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলতে কড়া ভাষা প্রয়োগ করেছেন নেতারা। রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছে এর ফলে মুসলিম ভোট এককাট্টা হলেও হিন্দু ভোটের সিংহ ভাগ ঝুলিতে টানা যায়নি।

৫। বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল থেকে যারা এসেছেন তাদের প্রাধান্য দেওয়াটা দলের কর্মী, সমর্থক এবং ভোটাররা ভালো চোখে নেয়নি বলেই মনে করছে বিজেপি। একই সঙ্গে রাজ্য নেতাদের বক্তব্য, রাজ্যের সর্বত্রই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অনেক ভুল ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত