জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের আজ জন্মদিন। ভক্তদের ভালোবাসায় সিক্ত এই অ্যাকশন হিরো জানালেন নিজের অনুভূতি।
জন্মদিন কেমন কাটল?
বেশ ভালো লেগেছে সারা দিন। আমার ভক্তরা এই দিনটিকে মনে রেখে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এটা অবশ্যই আনন্দের। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে অন্তরের গভীর থেকে শুভেচ্ছা, ভালোবাসা।
জন্মদিনের আয়োজন কেমন ছিল?
করোনার মধ্যে আয়োজন করার কোনো ইচ্ছে হয়নি। প্রতিদিনই প্রচুর মানুষ মারা যাচ্ছেন। এই অবস্থায় আয়োজন কি করে করি। ইতিমধ্যেই আমাদের কবরী আপা, ওয়াসিম ভাই মারা গেছেন। এমন পরিস্থিতিতে জন্মদিন পালন করাটা বিবেকের কাছে একদমই সায় দেয়নি। এজন্য কিছু করিনি।
সাম্প্রতিক কাজ?
আমি গত নভেম্বরে সর্বশেষ কাজ করেছি। আমার ‘একাত্তরের গেরিলা কমান্ডার’ নামের আরেকটি সিনেমার শুটিং করার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে সেটা করতে পারিনি।
মার্শাল আর্টের স্কুল নিয়ে
নিজের চর্চার পাশাপাশি তরুণদেরও মার্শাল আর্ট শেখাই। নিউ ইস্কাটনে রয়েছে আমার ‘ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার অব ফাইট স্কুল’ । এখানে সব শ্রেণির মানুষকে আত্মরক্ষার কৌশল শেখাই।
মার্শাল আর্টে কীভাবে এলেন?
আমি তখন কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবো। এমন সময়ে মধুমিতা সিনেমা হলে ‘চাইনিজ বক্সার’ নামে একটি সিনেমা দেখেছিলাম। সেই ছবি দেখার পর ইন্সপায়ারড হয়েছিলাম যে একজন মানুষের পক্ষে অনেক মানুষের সঙ্গে লড়াই করা সম্ভব। সে সময় আমি জানতে পারলাম- মার্শাল আর্ট নামে একটা আর্ট আছে সেটা জানলে একটি মানুষের পক্ষে পাঁচ-দশজন মানুষের সঙ্গে লড়াই করা ব্যাপার না। এরপরেই কারাতে শেখা শুরু করলাম। এরপর তো কারাতে প্রতিযোগিতায় ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছি।
স্কুল প্রতিষ্ঠার কারণ কী?
আমি কারাতে কে সমৃদ্ধিশালী করতে চেয়েছিলাম। কারণ শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আত্মরক্ষার জন্য এটা খুবই জরুরি। আমি ফিল্মে এটার প্রয়োগ করেছি। চেয়েছি তরুণরাও মার্শাল আর্ট শিখুক। যাতে তারা আত্মরক্ষা করতে পারে। আমি চেয়েছি, তরুণরাও আত্মরক্ষা শিখুক। আমি আসলে টাকা পয়সার জন্য এটা শেখাই না। ফলে ভর্তি ফি বা টাকা পয়সার ব্যাপারে কোন ধরাবাঁধা রুলস নাই। এমনও অনেক আছে যাদেরকে আমি ফ্রি শেখাই। এই যেমন একজন রিকশাওয়ালা এসে বলল সে মার্শাল আর্ট শিখবে। আমি তাকে বললাম তোমার কোন টাকা দিতে হবে না। তুমি শিখতে চাও এটাতেই আমি খুশি। আর আমি যে ন্যূনতম টাকাটা নিই সেটার কারণ হচ্ছে একদম বিনা পয়সায় শেখালে তার প্রতি আগ্রহ থাকবে না। আমার ক্লাসে কিছু সিএনজিওলাও আছে। আমি চাই সবাই শিখুক। আমি বিশ্বাস করি আমি রুবেল আমি কোন নির্দিষ্ট ক্লাসের না। আমি সবার। ১৬ কোটি মানুষ আমাকে ভালোবাসে আমি ১৬ কোটি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।’
