আপনার জিজ্ঞাসা

রোজা অবস্থায় বৃষ্টির পানি মুখ দিয়ে প্রবেশ করলে

আপডেট : ০৪ মে ২০২১, ০১:৫০ এএম

আবদুল্লাহ আল মারুফ, লাকসাম, কুমিল্লা

প্রশ্ন : রোজা অবস্থায় বৃষ্টির মধ্যে হাঁটছিলাম। মুষলধারে বৃষ্টির কারণে আমার মুখে বৃষ্টির পানি ঢুকে গলায় চলে যায়। তাতে কি রোজা ভেঙে গেছে? এখন আমার করণীয় কী?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে বৃষ্টির পানি যদি বাস্তবেই গলায় চলে যায়, তাহলে রোজা ভেঙে গেছে। এই রোজার কাজা করে নিতে হবে। তবে কাফফারা দিতে হবে না। -খুলাসাতুল ফাতাওয়া: ১/২৫৪

মেসওয়াকের কারণে মাড়ি থেকে রক্ত বের হলে

মো. হাবিবুর রহমান, বাহুবল, হবিগঞ্জ

প্রশ্ন : রোজা অবস্থায় মেসওয়াক করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় এবং তা থুথুর সঙ্গে পেটে চলে যায়। তাতে কি রোজা ভেঙে গেছে? এখন আমার কী করণীয়?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে গলায় যদি রক্তের স্বাদ অনুভূত হয় কিংবা রক্ত যদি থুথুর সমপরিমাণ বা বেশি হয়- তাহলে তা গিলে ফেলার দ্বারা রোজা ভেঙে গেছে। এক্ষেত্রে ওই রোজা কাজা করতে হবে। আর যদি থুথুর চেয়ে রক্তের পরিমাণ কম হয় এবং গলায় স্বাদও অনুভূত না হয় তাহলে রোজা ভাঙেনি। -আল বাহরুর রায়েক: ২/২৭৩

তারাবির নামাজে অলসতা

মো. আতাউল করীম, উত্তরখান, ঢাকা

প্রশ্ন : রমজান মাসে তারাবির সময় কোনো কোনো মুসল্লিকে দেখা যায়, ইমাম সাহেব রুকুতে যাওয়া পর্যন্ত বসে থাকেন। যখন ইমাম সাহেব রুকুতে যান, তখন তারা দ্রুত উঠে তাকবির বলে রুকুতে যান। এমনটি করা কি ঠিক?

উত্তর : নামাজ শুরুর পর কোনো মুক্তাদির জন্য নামাজের জামাতের সঙ্গে শরিক না হয়ে রুকুতে যাওয়ার অপেক্ষায় বসে থাকা অলসতা ও উদাসীনতার লক্ষণ। নামাজে অলসতা ও উদাসীনতা মুমিনের অভ্যাস পরিপন্থী কাজ। তাই অকারণে এমনটি করা থেকে বিরত থাকা আবশ্যক। উল্লেখ্য, অসুস্থতা, দুর্বলতা, বার্ধক্য ইত্যাদি সমস্যার কারণে যদি কারও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তবে সে বসে তারাবি আদায় করতে পারে। আর কিছুটা দাঁড়াতে সক্ষম হলে কিছুক্ষণ দাঁড়িয়ে এবং কিছুক্ষণ বসেও পড়তে পারে। কিন্তু জামাতে অংশগ্রহণ না করে বসে থাকা এবং রুকুর সময় অংশগ্রহণ করা খুবই অপছন্দনীয় কাজ। খুব সতর্কতা কাম্য। - আল মুহিতুল বুরহানি: ২/২৬৪

জানাজার জন্য ইতিকাফকারীর মসজিদ

থেকে বের হওয়া

ফাইজুল হক, সদর, ময়মনসিংহ

প্রশ্ন : ইতিকাফকারী জানাজার নামাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে কী?

উত্তর : ইতিকাফকারী জানাজার নামাজের জন্য মসজিদ থেকে বের হলে তার ইতিকাফ ভেঙে যাবে। এক্ষেত্রে তাকে পরে রোজাসহ ওই দিনের ইতিকাফ কাজা করে নিতে হবে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ইতিকাফকারীর জন্য নিয়ম হলো- সে রোগীর সেবা-শুশ্রƒষার জন্য বের হবে না এবং জানাজায় শরিক হবে না। -সুনানে আবু দাউদ: ২৪৬৫, ফাতাওয়া হিন্দিয়া: ১/২১২

ভালোভাবে দেখে নেওয়ার শর্তে পণ্য বিক্রয়

শেখ রবিউল ইসলাম, খাবাসপুর, ফরিদপুর

প্রশ্ন : অনেক সময় দেখা যায়, দোকানদার কিংবা তার কর্মচারীরা পণ্য বিক্রির সময় বলে দেয়, এখনই ভালোভাবে দেখে নিন। পরে কোনো সমস্যার কারণে আপত্তি করলে বা পণ্য ফেরত দিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা এ ব্যাপারে দায়মুক্ত। এ ধরনের শর্ত দিয়ে পণ্য বিক্রির বিধান কী?

উত্তর : এ ধরনের শর্তের সঙ্গে পণ্য বিক্রি করা জায়েজ। ক্রেতা এ শর্ত মেনে নিয়ে ক্রয় করলে পরে পণ্যে কোনো সমস্যা দেখা দিলে পণ্য ফেরত দেওয়ার বা ত্রুটির কারণে কিছু মূল্য ফেরত নেওয়ার সুযোগ থাকবে না। -বাদায়েউস সানায়ে: ৪/৫৪৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত