করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত ভারত। এতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি অনিশ্চয়তা তৈরি হয়েছে চাকরির বাজার।
ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিল মাসেই কাজ হারিয়েছেন প্রায় ৭৩ লাখ ৫০ হাজার ভারতীয়।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) রিপোর্ট অনুযায়ী, মার্চের তুলনায় অনেকটাই কমেছে ভারতে মোট বেতনভুক কর্মচারীর সংখ্যা। জানুয়ারি মাস থেকে পর পর ক্রমেই নিম্নমুখী এই গ্রাফ।
এই দুরবস্থার বিষয়ে বিশেষজ্ঞদের মত, মাঝে করোনা একটু স্তিমিত হয়েছিল। ফের নতুন করে শুরু হচ্ছিল বিভিন্ন নির্মাণকাজ, শিল্প, ব্যবসা। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে ফের সেগুলো স্থগিত। ফলে, বেড়েছে ছাঁটাই। লকডাউনের কারণে কাজ ছেড়ে বাড়িও ফিরতে হয়েছে অনেককে।
এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে চাকরি খুইয়েও আশাহত হয়ে অনেকে নতুন চাকরি খুঁজছেন না। বাড়ছে তাদের সংখ্যা- এমনটাই বলছেন দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অরূপ মিত্র।
মূলত বিভিন্ন স্থানে আংশিক লকডাউন, কারফিউর প্রভাবে কার্যত বন্ধ কাজের বাজার। ফলে, নতুন কাজের সম্ভাবনাও বর্তমানে ক্ষীণ।
মার্চে এমপ্লয়মেন্ট রেট ছিল ৩৭ দশমিক ৫৬ শতাংশ। এপ্রিলে সেটি গিয়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৭৯ শতাংশ যা গত ৪ মাসে সর্বনিম্ন।
