দাউদকান্দিতে প্রভাবশালীদের অবৈধ পাম্প উচ্ছেদ

আপডেট : ০৪ মে ২০২১, ০৬:০৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের মালিকানায় অবৈধভাবে গড়ে ওঠা ২টি ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি পাম্প উচ্ছেদ করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানার নেতৃত্বে উপজেলার পদুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর ও দৌলতপুর ইউনিয়নের নায়েরগাও বাজারে গড়ে ওঠা অবৈধ পাম্প দুটি উচ্ছেদ করা হয়।

পুলিশ জানায়, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে শত শত সিলিন্ডার বোঝাই করে এ অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন। কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনুমোদনবিহীন এসব অবৈধ পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

জানা যায়, মহাসড়ক সংলগ্ন কয়েকটি গ্যাস পাম্পের সাথে চুক্তি করে এ ভ্রাম্যমাণ গ্যাস পাম্প গুলো চালানো হতো। যে পাম্প থেকে কাভার্ডভ্যানে করে গ্যাস আনা হতো ওই সব পাম্পগুলোতে মিটার ও রেগুলেটর মেশিনের বাইরের লাইন টেম্পারিং করে বিশেষ কৌশলে কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ করা হতো। যা মূল মিটারের হিসাবে না আসায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা দেশ রূপান্তরকে বলেন, একটি খালি জায়গায় ত্রিপল টানিয়ে ভ্রাম্যমাণ মেশিন স্থাপন করে গ্যাস সরবরাহ করা হতো। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি সাড়ে ৫ টাকা হাতিয়ে নেওয়া হতো এই উপায়ে।

তিনি জানান, এর আগে চান্দিনা উপজেলার বাগানবাড়ি, মহিচাইল ইউনিয়নের দোল্লাই নবাবপুর বাজার এলাকায় আরও ৩ টি অবৈধ পাম্প উচ্ছেদ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত