যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জুনে ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হবে বলে তিনি আশা করছেন।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, ‘এটি তার আশা ও প্রত্যাশা’।
বাইডেন এপ্রিলে ইউক্রেনসহ ক্রেমলিনের সমালোচনাকারী কারাবন্দী অ্যালেক্সি নাভালনি বিষয়ে আলোচনার জন্য তৃতীয় কোনো দেশে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব করেছিলেন।
বৈঠকের বিষয় চূড়ান্ত না হলেও পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, বৈঠকের পরিকল্পনা চলছে।
জুনের মাঝামাঝিতে ব্রিটেনে জি-৭ গ্রুপের সম্মেলনে বাইডেনের যোগ দেওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্রের কম্পিউটার পদ্ধতির ওপর বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনে এপ্রিলে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। মস্কো এর পাল্টা পদক্ষেপ নেয় এবং দুদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়।
তবে বাইডেন প্রশাসন বলেছে, তারা দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করতে চায় যাতে পরমাণু ইস্যু, জলবায়ু সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও মস্কো সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে।
