দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক নির্বাচন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদসহ অনেকে।
এতে উপজেলার ১০ হাজার ২২১জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১০১২জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। যারা প্রত্যেককে ২৭ টাকা কেজি দরে ১ টন করে ধান গুদামে সরবরাহ করবেন।
গত ২৮ এপ্রিল ৩ জন কৃষকের কাছ থেকে ৩ টন ধান সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সর্বমোট এই উপজেলায় ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০১৫ টন।
