বিখ্যাত সার্জন দেবি শেঠি বলেছেন, ভারতে অক্সিজেনের সমস্যা কিছুটা কেটে গেলে নতুন চিন্তা শুরু হবে চিকিৎসক এবং নার্সদের নিয়ে। তার শঙ্কা, আইসিইউতে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার মতো ডাক্তার-নার্স পাওয়া যাবে না!
সিম্বোসিস ইন্টারন্যাশনাল আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে এপ্রিলের শেষ দিকে দেবি শেঠি বলেন, ‘অক্সিজেনের সমস্যা একবার সমাধান হলে, সামনের কয়েক সপ্তায় পরবর্তী সমস্যা হবে আইসিইউতে রোগীদের মৃত্যু। কারণ চিকিৎসার জন্য সেখানে কোনো ডাক্তার থাকবে না। এটা যে ঘটতে চাচ্ছে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
এমন শঙ্কার পেছনে যুক্তি দিতে গিয়ে দেবি শেঠি বলেন, ‘মে মাসে প্রচুর গরম পড়তে পারে। সবচেয়ে ফিট মানুষটিও চার-পাঁচ ঘণ্টা কভিড আইসিইউতে কাজ করতে সমস্যায় পড়বেন। প্রথম ঢেউ থেকে যারা কাজ করছেন, তারা মানসিকভাবে বিধ্বস্ত। আক্রান্ত হওয়ার শঙ্কায়।’
বিভিন্ন গবেষকেরা বলছেন, ভারতে সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। দেবি শেঠিও তেমনটি বললেন, ‘দেশে যিনি আক্রান্ত হচ্ছেন, সঙ্গে পাঁচ-দশজনকেও আক্রান্ত করছেন। কিন্তু তাদের পরীক্ষা হচ্ছে না। এর মানে প্রতিদিন সত্যিকার অর্থে ৫-১০ লাখ মানুষ সংক্রমিত হয়ে থাকতে পারেন।’
পরিস্থিতি সামাল দিতে হলে ভারতে কয়েক সপ্তাহের মধ্যে ৫ লাখ আইসিইউ বেড লাগবে বলে মনে করেন বিখ্যাত এই সার্জন। ভারতে বর্তমানে ৭০ থেকে ৯০ হাজার আইসিইউ আছে, যেগুলো ইতিমধ্যে করোনা রোগীতে পূর্ণ।
