করোনা শনাক্ত ও মৃত্যুতে ভারতে আবারও রেকর্ড

আপডেট : ০৬ মে ২০২১, ১১:৩৩ এএম

ভারতে আবারও চার লাখ ছাড়িয়ে গেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, ৪ লাখ ১২ হাজার ২৬২ জন নতুন করে কভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ। এর আগে ১ মে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লাখ ছাড়িয়েছিল। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জন।

করোনার দ্বিতীয় ঢেউ আক্রান্তের পাশাপাশি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা ভারতে সর্বোচ্চ। গত ৯ দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের ওপরে থাকছে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ১৬৮ জনের।

এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯২০ জনের। কর্ণাটক, দিল্লি এবং উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা সাড়ে ৩৫০-র আশপাশে। ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানাতেও দৈনিক মৃতের সংখ্যা উল্লেখযোগ্য।

এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক সপ্তাহে সারা বিশ্বে যত মানুষ নতুন করে কভিডে আক্রান্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, এ সময়ে মোট মৃত্যুর চার ভাগের এক ভাগও দেশটিতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত