মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদ সুবজ কাজীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য সেবন ও মাদক বিস্তারের সঙ্গে জড়িত থাকায় এলাকায় বাড়ছে দিন দিন মাদকসেবীর সংখ্যা।
চেয়ারম্যানের দায়িত্বে থাকাবস্থায় একাধিকবার সবুজ কাজী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এলাকার যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করছেন প্রতিনিয়ত। তার কথা না শুনলে মারধরসহ নির্যাতন করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে ইউনিয়ন পরিষদের আওতাধীন কাজ না করেই বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে।
এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করেই বাজারে বিক্রি করে দিচ্ছেন তিনি। এতে ক্ষুব্ধ হতদরিদ্ররা।
বিষয়টি প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
তবে, এসব বিষয় অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যন সবুজ কাজী।
এদিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত চেয়ারম্যান সবুজ কাজীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ-মানববন্ধনসহ আন্দোলন করে আসছেন ডাসার ইউনিয়নবাসী।
