দেশের পথে স্মিথরা ভারত থেকে ইংল্যান্ড যাবে কিউইরা

আপডেট : ০৭ মে ২০২১, ০৬:৫৬ এএম

আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় চিন্তা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়েই। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন দেশটির কয়েকজন ক্রিকেটার। যারা থেকে গিয়েছিলেন, তাদের দেশে ফেরার ব্যাপারে নানা জটিলতার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ভারত থেকে বাড়ির পথে আছেন স্টিভ স্মিথরা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটার, কোচসহ যেসব অস্ট্রেলিয়ান যুক্ত ছিলেন আইপিএলে, মালদ্বীপ হয়ে তারা এখন আছেন দেশের পথে।

অস্ট্রেলীয়রা দেশে ফিরে গেলেও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে দিল্লি থেকে ১১ মে সরাসরি যাবেন ইংল্যান্ডে। অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া এ দলে থাকছেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জিমি নিশাম ও ফিন অ্যালেন। অন্যদিকে পরিবারের সঙ্গে যোগ দিতে পেসার ট্রেন্ট বোল্ট ফিরছেন দেশে। সেখান থেকে ইংল্যান্ড যেতে যেতে দ্বিতীয় টেস্টের সময় হয়ে যাবে তার। ২ জুন থেকে ইংল্যান্ডের সঙ্গে দুই টেস্ট কিউইদের। ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারতের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত