পটুয়াখালী প্রেস ক্লাবের সহসভাপতি ও দ্য ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেনের ছেলে লুৎফুর রহমান সুফিয়ানকে মারধর করে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেন বাদী হয়ে গত বুধবার পটুয়াখালী থানায় মামলা করলে পুলিশ রাত ১১টায় দুই আসামি বেল্লাল মৃধা ও হেলাল মৃধাকে সদর উপজেলার মোল্লা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, নিকটাত্মীয়ের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ধার নিয়ে আসার সময় একই এলাকার সন্ত্রাসী মেহেদী হাসান সোহাগ, সোহেল মৃধা, বেল্লাল মৃধা, হেলাল মৃধার নেতৃত্বে সাত-আটজন সুফিয়ানের ওপর হামলা চালায়। তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী থানার এসআই আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী থানার ওসি আকতার মোর্শেদ জানান, সুষ্ঠু তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
