সরকারি গাছ কাটার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০৭ মে ২০২১, ০৭:১৩ এএম

নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের গোটিয়া এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশের শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে। গত তিন-চার দিন ধরে সড়কের দুইপাশের শতাধিক সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় লোকজন জানায়, বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন চামারী ইউনিয়নের গোটিয়া কাঁচা রাস্তার দুই ধারে লাগানো হয় দুই শতাধিক ইউক্যালিপটাস গাছ। কিছু গাছ মরে গেছে। বাকিগুলো কাটার সময় এখনো হয়নি। এলাকাবাসী হঠাৎ করে দেখে, মোতালেব হোসেন গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছেন।

এ ব্যাপারে মোতালেব হোসেন বলেন, আমরা নিজেরাই সরকারি রাস্তায় ইউক্যালিপটাস গাছগুলো লাগিয়ে ছিলাম। নিজেদের প্রয়োজনে গাছগুলো কেটে নিচ্ছি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম বলেন, গাছ যেই লাগিয়ে থাকুক, সড়কের মধ্যে বা সড়কের জায়গায় পড়লে তা সরকারি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত