কুমিল্লায় বাশার হত্যার প্রধান আসামি মহিউদ্দিন গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২১, ০৫:৫৪ পিএম

চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেডের একটি চায়না কোম্পানির কর্মকর্তা খাইরুল বাশার সুমন (৩০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহিউদ্দিনকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ভোর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর সিও মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

নিহত খাইরুল বাশার সুমন কুমিল্লা ইপিজেডের সিংসাং সু নামে একটি চায়না কোম্পানিতে মানব সম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তা ছিলেন। সে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, আসামি মো. মহিউদ্দিন নগরীর দক্ষিণ চর্থার মৃত আবদুল হকের ছেলে। খাইরুল বাশার সুমন হত্যার সঙ্গে মহিউদ্দিনসহ আরও সাত থেকে আটজন জড়িত। তারা সবাই কিশোর গ্যাং এর সদস্য। দীর্ঘদিন ধরে তারা নগরীতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বাশার হত্যার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু তথ্য দিয়েছে। সে সূত্রেই অপর আসামিদের ধরতে কাজ করছে র‌্যাব। খুব শিগগিরই বাকি আসামিরাও গ্রেপ্তার হবে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কোম্পানিতে অনিয়মের কারণে চাকরি থেকে অব্যাহতি পাওয়ায় ক্ষুব্ধ এক কর্মী ইপিজেড সড়কে রোসা সপের সামনে খাইরুল বাশার সুমনকে পথরোধ করে। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে খায়রুল আলম বাশার ওই ব্যক্তিকে অফিসে অসতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে সে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তিনি মৃত্যুবরণ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত