ভেস্তে যেতে বসা ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯ ক্লাবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে উয়েফা। তবে শাস্তির মুখে পড়তে যাচ্ছে ‘বিদ্রোহী’ টুর্নামেন্টটিতে এখনো টিকে থাকা বাকি তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাস।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, সুপার লিগ থেকে বেরিয়ে আসা ক্লাবগুলো পুরনো অবস্থায় ফেরার অঙ্গীকারনামা ‘ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশন’-এ স্বাক্ষর করেছে।
গত ১৮ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ৬ ইংলিশসহ ১২ ক্লাব নিয়ে সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসে। কিন্তু এ ঘোষণায় সমালোচনায় মুখর হন ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্লাবগুলোর সমর্থকরাও। কঠোর শাস্তির হুমকি ফিফা ও উয়েফা দেয়। প্রবল চাপের মুখে ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ায় ইংল্যান্ডের ৬ ক্লাব। পরে তাদের সঙ্গে যোগ দেয় ইন্তার মিলান ও আতলেতিকো মাদ্রিদ। তাতে প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়ে। এসি মিলান আনুষ্ঠানিকভাবে সরে না গেলেও ইতালির গণমাধ্যমে জানানো হয়েছিল, সুপার লিগের সঙ্গে আর নেই মিলানের দলটি। উয়েফার এই বিবৃতিতেই তাদের সরে যাওয়ার নিশ্চিত ঘোষণা এলো।
বিবৃতিতে উয়েফা সভাপতি আলেকজান্দার সেফেরিন জানিয়েছেন, সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯ ক্লাব ভবিষ্যতে ইউরোপিয়ান ফুটবলের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। তবে অবশিষ্ট তিন ক্লাবকে শাস্তি ভোগ করতে হবে, ‘তথাকথিত ‘সুপার লিগে’ এখনো যুক্ত থাকা ক্লাবগুলোর ব্যাপারে একই কথা বলা যাচ্ছে না। ওই ক্লাবগুলোর বিরুদ্ধে উয়েফা পরবর্তীতে ব্যবস্থা নেবে। সে অধিকার উয়েফার আছে।’
৯ ক্লাবের অঙ্গীকারনামায় যা আছে
সুপার লিগ কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার ইতি টানতে ওই ৯ ক্লাব তাদের ক্ষমতার মধ্যে থেকে সব রকম পদক্ষেপ নেবে। ভুল বুঝতে পেরে আগের অবস্থায় ফেরার সদিচ্ছার নিদর্শনস্বরূপ ক্লাবগুলোর মিলিতভাবে মোট দেড় কোটি ইউরো অনুদান দিতে হবে, যা যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে শিশু, যুব এবং তৃণমূল ফুটবলের জন্য ব্যবহার করা হবে।
একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ থেকে এক মৌসুমের প্রাপ্ত রাজস্বের ৫ শতাংশ তারা দিয়ে দেবে। এ ছাড়া ভবিষ্যতে কোনো অননুমোদিত প্রতিযোগিতায় খেলতে গেলে ১০ কোটি ইউরো এবং কোনো প্রতিশ্রুতি লঙ্ঘন করলে ৫ কোটি ইউরো জরিমানা গুনতে হবে।
পেরেজের হুমকি
সুপার লিগের পরিকল্পনার অন্যতম কুশীলব, প্রস্তাবিত কমিটির চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ হুমকি দিয়েছেন কোনো ক্লাব সুপার লিগ থেকে সরে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুপার লিগের পরিকল্পনার সময়ে ক্লাবগুলো টুর্নামেন্ট থেকে নাম না সরানোর প্রতিশ্রুতি দিয়ে একটা ‘অলঙ্ঘনীয় চুক্তি’তে সই করেছিল, যেটা না মানলে প্রতিটি ক্লাবকে ৩০ কোটি ইউরো জরিমানা গুনতে হবে। পেরেজ এখন চুক্তির সেই শর্ত কাজে লাগাতে চাইছেন বলেই নিউ ইয়র্ক টাইমস মনে করছে। সোমবার এক বিবৃতিতে বার্সা, রিয়াল ও জুভেন্তাস অভিযোগ করেছে বাকি ৯ ক্লাব জনসমক্ষে সুপার লিগ ছাড়ার ঘোষণা দিয়ে ‘টুর্নামেন্টটির ভিত্তি স্থাপন করা সমঝোতা দৃষ্টিকটুভাবে ভেঙেছে এবং অনেক বড় ক্ষতি করেছে, যে ক্ষতির পরিমাণ শুধু বাড়ছেই।’ তবে নিউ ইয়র্ক টাইমসই লিখেছে, ১২টি ক্লাবের ৯টিই ছেড়ে যাওয়ায় সুপার লিগই অবলুপ্ত হয়ে গেছে, সে ক্ষেত্রে আইনি লড়াইয়ে পেরেজরা কতটুকু সফল হবেন তা দেখার বিষয় বটে।
এ ক্ষেত্রে এসি মিলানের ওপর বেশি ক্ষেপতে পারে রিয়াল, বার্সা ও জুভেন্তাস। স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, সুপার লিগের গঠনতন্ত্রে লেখা ছিল ১২ ক্লাবের মধ্যে ৯টি চলে গেলেই কেবল সুপার লিগ অবলুপ্ত হবে, ৮টি ক্লাব গেলেও সুপার লিগ অন্তত কাগজে-কলমে টিকে থাকবে। উয়েফার বিবৃতি আসার আগ পর্যন্ত এসি মিলান আনুষ্ঠানিকভাবে সুপার লিগ ছাড়েনি বলেই জানত সবাই। কিন্তু শেষ পর্যন্ত এসি মিলানও উয়েফার আনুগত্য মেনে নেওয়ায় এখন রিয়াল-বার্সা-জুভ আরও কোণঠাসা হওয়ার সম্ভাবনা।
