দৌলতদিয়া ঘাটে নেই যাত্রীর চাপ, সীমিত পরিসরে চলছে ফেরি

আপডেট : ০৯ মে ২০২১, ১২:১১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে যাত্রীর চাপ তেমন নেই। গত ২ দিন দৌলতদিয়া ঘাটে  ঈদে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঘাট এলাকাতে তেমন যাত্রী ও যানবাহন দেখা যায়নি।

সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, তেমন যাত্রী ও গাড়ি নেই। জরুরি সেবার জন্য শুধুমাত্র দুটি রো রো ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি সেবার আওতার গাড়িগুলো নদী পার করছে কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটেই নোঙর রাখা হয়েছে। যদিও দু-একজন যাত্রী ও মোটরসাইকেল আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে এক থেকে দেড় ঘণ্টা পর পর। যার কারণে এই সুযোগে ফেরিতে উঠে যাচ্ছে অল্প কিছু  যাত্রী যা স্বাভাবিক বলেই মনে হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, দেশে লকডাউন চলছে। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী চলছি। ঈদে বাড়ি ফেরা মানুষের শুরু চাপ ঠেকাতে সরকার বিজিবি মাঠে নামিয়েছে। যার কারণে আজ দৌলতদিয়া ঘাটে  চাপ নেই যাত্রী ও যানবাহনের। জরুরি সেবা প্রদানের জন্য মাত্র দুটি ফেরি চালু রাখা হয়েছে। তাও অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া ফেরিতে উঠতে পারবে না। 

এই সংবাদ লেখা পর্যন্ত ১১টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে গেছে ও পাটুরিয়া ঘাট থেকে একটি ফেরি দৌলতদিয়া ঘাটে এসে ভিড়েছে।

এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিতে কিছুটা যাত্রীর ভিড় দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত