আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

আপডেট : ১০ মে ২০২১, ০৪:১৫ এএম

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সেখানকার বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একই দলীয় সর্বানন্দ সনোয়ালের উত্তরাধিকারী হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আনন্দবাজার জানাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমন্ত বিশ্ব শর্মার পদোন্নতির বিষয়টি অনুমোদন করার পর গতকাল রবিবার আসামের গুয়াহাটিতে রাজ্য বিজেপির নবনির্বাচিত বিধানসভা সদস্যদের বৈঠকে মুখ্যমন্ত্রী পদের জন্য শর্মার নাম প্রস্তাব করেন সনোয়াল। এ সময় অন্য এমএলএরা তাতে সমর্থন জানান।

আসামের বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে বিজেপি। রাজ্যটির বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ৬০টি পেয়েছে তারা। তাদের জোট সঙ্গী এজিপি নয়টি ও ইউপিপিএল ছয়টি আসন পেয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আসামের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কয়েকবার আলোচনায় বসেছেন বিজেপির শীর্ষ নেতারা। শনিবার বিজেপির সভাপতি জেপি নড্ডা ও অমিত শাহসহ শীর্ষ নেতৃত্বের বৈঠকে সনোয়াল ও শর্মা দুই জনেই ছিলেন। সেখানেই জানানো হয়, শর্মাকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে সায় দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত