এখন থেকে স্বার্থপর হয়ে যাব : হোল্ডার

আপডেট : ১১ মে ২০২১, ০৪:৪৪ এএম

উইন্ডিজ বোর্ডের সঙ্গে যে জেসন হোল্ডারের মনোমালিন্য হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে হোল্ডারের কথায়। বাংলাদেশ সফরে না আসায় অধিনায়কত্ব হারানো হোল্ডার প্রকাশ করেছেন এতদিনের চাপা ক্ষোভ। যদিও সম্প্রতি ঘোষিত উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে ৩ সংস্করণেই আছে তার নাম।

জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল উইন্ডিজ। কিন্তু করোনাভাইরাসের ভীতির কারণে বাংলাদেশ সফরে আসেননি দলটির সাবেক অধিনায়ক হোল্ডার। ওই সিরিজের আগেও অবশ্য তিনিই ছিলেন অধিনায়ক। কিন্তু পরের সিরিজ থেকেই বনে গিয়েছেন সাবেক অধিনায়ক। জাতীয় দলের জন্য অর্থকড়ি বিসর্জন দিয়েও নেতৃত্ব হারিয়ে হতাশ হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে হোল্ডার তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দেশের হয়ে খেলার জন্য আমি অনেক অর্থ হাতছাড়া করেছি। আমি এখন যেমন আছি, এরচেয়ে তো অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম। এখন থেকে আমি আরও স্বার্থপর হয়ে যাব। জাতীয় দলের খেলা নয়, লিগের খেলাকেই প্রাধান্য দেব।’ তিনি আরও বলেন, ‘আমার হতাশ লাগে কারণ আমার মতো ক্রিকেটাররা উইন্ডিজের পক্ষে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে দেয় কিন্তু বোর্ড তাদের যথাযথ সম্মান দেয় না। এমনটি ঘটবে জানলে আমি কখনো জাতীয় দলকে বেছে নিতাম না। আমার কাছে অনেক সুযোগ ছিল। আমি ইংল্যান্ডে কাউন্টি, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলেছি। অর্থ উপার্জনের অনেক উপায় ছিল আমার হাতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত