সুবিধাবঞ্চিতদের সেলাইমেশিন, হুইলচেয়ার ও খাবার দিল ইউএসকেসিএডব্লিউএ

আপডেট : ১১ মে ২০২১, ০৬:১২ পিএম

সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মধ্যে ১৫ দিনের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউরিয়া সার কারখানা কলেজ অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউএসকেসিএডব্লিউএ)। এছাড়া, নারীদের সেলাইমেশিন ও শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার উপহার দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার হতদরিদ্র এসব পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সংগঠনসূত্রে জানা যায়, গেল বছর দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার পরিবারকে নিয়মিত বিরতিতে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান জানান, করোনা মহামারিতে এই সহায়তা অব্যাহত থাকবে এ বছরের শেষ পর্যন্ত।

এদিকে, এদিন সকালে দুস্থ পরিবারের নারীদের উপার্জনক্ষম করতে তাদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। ৫ জন নারীকে দেয়া হয় নতুন সেলাই মেশিন। ইউরিয়া সার কারখানা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেলাইমেশিনগুলো হস্তান্তর করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ফরিদ বলেন, ১০০ নারীকে উপার্জনের পথ তৈরি করে দিতে কাজ করে যাচ্ছেন তারা। এ বছরের মধ্যেই সবাইকে সেলাই কাজের প্রশিক্ষণসহ সেলাইমেশিন উপহার দেয়া হবে।

সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানে ইউরিয়া সার কারখানা কলেজের অধ্যক্ষ গাউসুল আজম উপস্থিত ছিলেন।

এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা সাবরিনা সুলতানা ফ্লোরা জানান, আগামী মাসে সবজিসহ বিভিন্ন পণ্যের ফ্রি ভাসমান মার্কেট করা হবে। এছাড়া ফ্রিতে চিকিৎসা সেবা দেয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত