কারোনাভাইরাসের কারণে স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ মাঠে গড়াবে জুনের শুরুতে। যে আসরের জন্য বদলি ড্রাফটে লাহোর কালান্দার্স দলে নিয়েছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে তিনি পিএসএলে না খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যা শুরু হবে ৩১ মে।
সাকিবের আগ্রহের কথা জানিয়ে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দিয়েছে মোহামেডান। এ বিষয়ে ক্লাবটির কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘সাকিবের স্বাক্ষরিত একটা চিঠি আমরা আজ সিসিডিএমে জমা দিয়েছি। চিঠিতে সাকিব লিখেছে, তিনি আমাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী।’
করোনা কারণে স্থগিত হওয়া গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগ এবার নতুন করে শুরু হবে। এমনিতে ওয়ানডে ফরম্যাট হলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা লিগ নামে পরিচিত এই আসর।
গত বছর মার্চে মাত্র এক রাউন্ড খেলা হওয়ার পরই স্থগিত হয়েছিল আসরটি। তখন সাকিবের ওপর নিষেধাজ্ঞা থাকায় কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেননি। এখন স্বাধীন খেলোয়াড় হিসেবে সাকিব খেলতে পারবেন পছন্দের যেকোনো দলে। এ ক্ষেত্রে ঐতিহ্যবাহী মোহামেডানকে বেছে নিয়েছেন তিনি।
সাকিব ছাড়াও বদলি ড্রাফটে পিএসএলে দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (মুলতান সুলতানস) ও লিটন দাস (করাচি কিংস)। তাদেরও পিএসএলে অংশ নেওয়ার সম্ভাবনা কম। কারণ ওই সময়ে তাদের ক্লাবেরও ঢাকা লিগের ব্যস্ততা রয়েছে।
