রোমান্স থেকে কমেডি, রহস্য থেকে অ্যাকশন, এবং শিহরণ জাগানো দুর্দান্ত থ্রিলিং সব গল্প নিয়ে আসছে দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। ‘অমর একুশে বইমেলা ২০২০’-এ প্রকাশিত সাতটি জনপ্রিয় বইয়ের উপর ভিত্তি করে বঙ্গ নিয়ে আসছে বেজড অন বুকস (BoB) সিজন ওয়ান । যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিল্ম। উইজার্ড অব ওজি, হ্যারি পটার, দ্য গডফাদার ও লর্ড অব রিংস এর মতো সাহিত্য থেকে সৃষ্ট কনটেন্টগুলো ‘বেজড অন বুকস’ প্রজেক্ট এর জন্য অনুপ্রেরণা স্বরূপ। তেমনি বাংলা সাহিত্যের সাথে পর্দার এক চমৎকার সমন্বয়ের আকাঙ্ক্ষা নিয়েই পবিত্র ঈদুল ফিতরে বঙ্গ মুক্তি দিতে চলেছে বিকাশ নিবেদিত ‘বেজড অন বুকস’ প্রজেক্টের সাতটি টেলিফিল্ম ।
বইমেলা থেকে নির্বাচিত সেরা সাতটি বইয়ের মধ্যে রয়েছে শাহাদুজ্জামানের রচনাসমগ্রের ‘উবার ও টুকরো রোদের মতো খাম,’ জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন রচিত ‘মরণোত্তম’ রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, শীবাব্রত বর্মণ রচিত ‘সময়ের গল্প, ২০১৩’, কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ রচিত ‘নোভা স্কশিয়া’, জোবায়েদ আহসানের ‘হাকুল্লা’ ও মারুফ রেহমানের অতিপ্রাকৃত ‘লাবনী’।
বাছাইকৃত সাহিত্যগুলোর গল্প নিয়ে টেলিফিল্মগুলোর পরিচালনায় রয়েছেন দেশের প্রখ্যাত এবং গুণী সব নাট্যপরিচালক। বেজড অন বুকসের সাতটি টেলিফিল্ম এর মধ্যে ‘উবার’ ও ‘টুকরো রোদের মতো খাম’ টেলিফিল্মটির পরিচালনায় আছেন নূর ইমরান মিঠু, গুণী পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালনা করেছেন ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ টেলিফিল্মটির পরিচালনায় আছেন ভিকি জাহেদ, ‘আলিবাবা ও চালিচার’ পরিচালনা করেছেন অনিমেষ আইচ, নোভা স্কশিয়া গল্প নির্ভর টেলিফিল্ম ‘মিস্টার কে’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক, নির্মাতা ইফতেখার আহমেদ পরিচালনা করেছেন ‘হাকুল্লা’ ও ‘লাবনী’ টেলিফিল্মটির পরিচালনায় ছিলেন গোলাম হায়দার কিসলু।
মুক্তির জন্য অপেক্ষায় থাকা বেজড অন বুকসের এই সাতটি টেলিফিল্মে অভিনয় করেছেন দেশের খ্যাতিমান সব তারকা শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, আজমেরী হক বাঁধন, পার্থ বড়ুয়া, ইশরাত চৈতি, মুমতাহিনা টয়া, মনোজ প্রামানিক ও আশনা হাবিব ভাবনা সহ আরো অনেকে। বিকাশ নিবেদিত বেজড অন বুকস প্রজেক্টের টেলিফিল্মগুলো বঙ্গ অ্যাপ ও ওয়েবের পাশাপাশি এই ঈদে একুশে টিভি, দীপ্ত টিভি, গাজী টিভি ও চ্যানেল নাইনের পর্দায়ও দেখতে পাবেন দর্শকরা।
বঙ্গ বব প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্গ’র ডেপুটি চিফ কনটেন্ট এডিটর, জাহিদ আহমেদ জানালেন আইডিয়াটি মূলত তার এবং বঙ্গ-এর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানের ‘ব্রেইনচাইল্ড’। তারা দুইজনই একই উদ্দেশ্য নিয়ে বই মেলা থেকে কয়েক বছর ধরে বই সংগ্রহ করছেন। একদিন তারা চিন্তা করলেন, সাহিত্য থেকে কনটেন্ট নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে আমরা ভিন্ন কিছু করছি না কেন? কারণ এটা করা সম্ভব হলে, নতুন এবং সমসাময়িক লেখকরা যখন দেখবেন তাদের গল্প ভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে তখন তারা অনুপ্রাণিত হবেন আরও ভালো কাজ করার। বঙ্গ বব’র মধ্যদিয়ে সাহিত্য ও অডিও-ভিজ্যুয়াল মিডিয়াম- এই দুটি মাধ্যমের মধ্যে একটি চিরস্থায়ী মেলবন্ধন রচিত হবার পাশাপাশি দুটি মাধ্যমই সমৃদ্ধ হবে। বিনোদনের একটি নতুন ধারা হতে পারে বঙ্গ বব। বঙ্গ বব সিজন ওয়ানে বিশিষ্ট কথাসাহিত্যিক শাহাদুজ্জামান ছাড়াও সমসাময়িক তরুণ লেখকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের গল্পগুলো আমাদের সাহিত্যে প্রতিফলিত হয়। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে সাহিত্য নিয়ে কাজ করার। এটিই হবে সম্ভবত প্রথম সিরিজ আকারে কোনো সাহিত্যকর্ম। এটা আমাদের পথচলার প্রথম ধাপ এবং আমরা সামনে এ ধারা অব্যাহত রাখবো। বঙ্গ বব সিজন ওয়ানে আমরা আমাদের সাথে বিকাশ-কে পেয়ে খুবই উচ্ছ্বসিত, তারা এই প্রজেক্টে আস্থা রেখেছে।’
বেজড অন বুকস প্রজেক্ট প্রসঙ্গে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার জনাব ফায়েজ তাহের বলেন ‘বঙ্গ ২০১৩ সাল থেকেই বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং জগতের পথ প্রদর্শক হিসেবে নিজেদের প্রমাণ করে এসেছে। আমরা আমাদের সংস্কৃতি সংরক্ষণে আমাদের ৭০, ৮০ ও ৯০ এর দশকের ছবি গুলোকেও ধীরে ধীরে ডিজিটালাইজড করেছি বঙ্গ’র মাধ্যমে। পাশাপাশি আমাদের কনটেন্টগুলোর ইংলিশ সাবটাইটেল করবার মধ্য দিয়ে সেগুলোকে গ্লোবাল কনটেন্টে রূপান্তরিত করবার প্রক্রিয়াও শুরু করেছি আমরা। তারই ধারাবাহিকতায় বঙ্গ বব-এর ধারণাটি যখন আমাদের কাছে উন্মুক্ত হয়, আমরা তা সাদরে গ্রহণ করেছি। বঙ্গ এখন এর সকল চ্যানেল মিলিয়ে ১৭৯টি দেশের ১৫ মিলিয়ন দর্শকের কাছে ছড়িয়ে আছে। এছাড়াও প্রথমবারের মতো এই কন্টেন্টগুলোতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করায়, বিশ্বজুড়ে অন্যান্য ভাষাভাষি দর্শকদের জন্যেও বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতি মেলে ধরা সহজ হবে’।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ এবং ওয়েবসাইট (www.bongobd.com) থেকে বিকাশ নিবেদিত বঙ্গ বেজড অন বুকস টেলিফিল্মগুলো উপভোগ করতে পারবেন দর্শকেরা।
