ঈদুল ফিতরে গড়ে উঠুক সব সংকট জয়ের সুসংহত বন্ধন: কাদের

আপডেট : ১৪ মে ২০২১, ০৬:২২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারী করোনাসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন।

করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, পারস্পারিক ভাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব বলেন।

তিনি আশাপ্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবারো নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি বলেন, মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। এবারের ঈদ, শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।

করোনাযুদ্ধে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত সে সব ত্যাগী সম্মুখ সারির যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানান সেতুমন্ত্রী।

চলমান করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, করোনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করোনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে অদৃশ্য শত্রু করোনাকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে ইনশাল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত