গোয়ায় ছুটি কাটাতে যাচ্ছিলেন ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ। কিন্তু যাত্রা পথে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাকে। তার গাড়ি আটতে দেয় পুলিশ।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, ই-পাস ছাড়াই মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্যাটসম্যান। কোলাপুর দিয়ে যাওয়ার সময় পৃথ্বীকে আটকায় আম্বোলির পুলিশ।
করোনা প্রকোপের কারণে এখন লকডাউন চলছে মহারাষ্ট্রে। তাই সেখান থেকে অন্য কোনো রাজ্যে যেতে গেলে ই-পাস প্রয়োজন। কিন্তু গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার সময় ই-পাস দেখাতে পারেননি পৃথ্বী।
পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা চালালেও কাজের কাজ কিছু হয়নি। প্রায় এক ঘণ্টা আম্বোলিতে আটকে থাকার পর নিজের ফোন থেকে অনলাইনে ই-পাস আবেদন করেন এই তরুণ ক্রিকেটার। তারপরই গোয়া যাওয়ার অনুমতি মেলে তার।
আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরে যান পৃথ্বী শ। এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এর মাঝেও পৃথ্বীর গোয়ায় ছুটি কাটাতে যাওয়া ভালোভাবে নেননি সমালোচকেরা।
