সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে শাহিনুর রহমান (১৬) নামে আরেকজন।
শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে। গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান নাছিমাবাদ আবু সাঈদ মোড়লের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার জানান, ওই তিন যুবক একটি মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতরের রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা অপর দুজনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর গোলাম রসুল মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিল। অপর দুজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি গোলাম মোস্তফা বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
