ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো টুইট মুছলেন প্যারিস হিলটন

আপডেট : ১৭ মে ২০২১, ০৩:০৬ পিএম

মার্কিন অভিনেত্রী, গায়িকা ও মডেল প্যারিস হিলটন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন। রবিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেভ প্যালেস্টাইন, গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন। কিন্তু সময় গড়াতে ‘অদৃশ্য’ হয়ে গেল সংহতি!

গণমাধ্যম টিআটি ওয়ার্ল্ডের ফেইসবুক পেজে এক পোস্টে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া ফিলিস্তিনি জনগণের সমর্থনে লেখা টুইট দ্রুত মুছে ফেলেছেন প্যারিস হিলটন। পরে তার অ্যাকাউন্টে গিয়ে এ খবরের সত্যতা পাওয়া যায়।

রবিবার প্যারিস হিলটন লেখেন, এটা খুবই হৃদয়বিদারক, এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন।

এরপর এক ফিলিস্তিনি বালিকার কান্নার ভিডিও পোস্ট করে লেখেন, এটা আমার হৃদয়কে ব্যথিত করছে। এমন ভীতিকর জীবন কেউ চায় না। আমার মমতা এই বালিকা এবং তার আশপাশের সব শিশুর জন্য।

পরে আরেকটি টুইটে প্যারিস হিলটন বলেন, পৃথিবীর সর্বত্র ভালোবাসা আর আলো পাঠাও। সবার জন্য শান্তিপূর্ণ এক পৃথিবী কামনা করছি।

গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় এবং গোলাবর্ষণে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮ শিশু ও ৩৪ নারী রয়েছেন। এছাড়া পশ্চিমতীরে বিক্ষোভে গুলি চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত