আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৬৫৪ জন

আপডেট : ১৭ মে ২০২১, ০৩:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকাপড়া যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সোমবার  পর্যন্ত ৬৫৪  জন এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

এদের মধ্যে ঢাকায় ভারতীয় দূতাবাসে কর্মরত ১৫ জন ভারতীয় নাগরিকও এই সময়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। ভারত ফেরত এসব ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রসহ দেশের বিভিন্ন স্থানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টানে রাখা হচ্ছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে এ পর্যন্ত ৭০ জনকে অবমুক্ত করা হয়।

আখাউড়া উপজেলা প্রশাসন  সূত্রে জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার।

তবে দুই দেশে আটকা পড়া নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে গত ২৬ এপ্রিল থেকে সোমবার বেলা ২টা  পর্যন্ত মোট ৬৫৪ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে সোমবার বেলা ২টা পর্যন্ত ২৭ জন দেশে ফেরেন।

বর্তমানে ভারত ফেরত ২৯৬ জন জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারন্টোইন সেন্টারে আছেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ জন, হোটেলে অবকাশে ৩০ জন, হোটেল তাজে ২৯ জন, গ্র্যান্ড মালেক ২৫ জন, নাইন স্টারে ২৪ জন, রজনীগন্ধায় ৭ জন, আশিক প্লাজায় ৩৩ জন এবং তিতাস ভিউ হোটেলে কোয়ারন্টোইনে আছেন ৪৫ জন।

এ ছাড়া ৪৬ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে সিএমএইচ-এ পাঠানো হয়েছে। বাকিদের দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আখাউড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে আখাউড়া চেকপোস্ট দিয়ে সাধারণ যাত্রী পারাপার কার্যক্রম দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। তবে ভারত এবং বাংলাদেশে আটকেপড়া যাত্রীরা দুই দেশের হাইকমিশনের অনাপত্তিপত্র নিয়ে এই চেকপোস্ট ব্যবহার করে নিজ দেশে ফিরতে পারছেন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন জানান, ভারতফেরত দুইজন করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্টের কি না, সেটি জানতে জিন সিকোয়েন্সিং পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত