শিবচরে স্পিডবোট দুর্ঘটনা

হাসপাতাল থেকে কারাগারে প্রধান আসামি শাহ আলম

আপডেট : ১৮ মে ২০২১, ০৪:০১ এএম

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় প্রধান আসামি শাহ আলম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্পিডবোট চালক শাহ আলমকে গত রবিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর পরপরই নৌ-পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে শিবচর থানায় হস্তান্তর করে। পরে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নৌ-পুলিশের কাঁঠালবাড়ী ঘাটের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি ডুবে গিয়ে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদারসহ অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেন। দুর্ঘটনার পর থেকে স্পিডবোট চালক শাহ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর পরপর নৌ-পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার দেখিয়ে রাত ৮টার দিকে শিবচর থানায় হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত