স্বাস্থ্যমন্ত্রী-স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি ফখরুলের

আপডেট : ১৮ মে ২০২১, ০১:৪৯ পিএম

সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার করে মুক্তিও চেয়েছেন বিএনপির মহাসচিব।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোজিনা ইতিমধ্যে দেশ-বিদেশে বেশ পরিচিতি অর্জন করেছে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে। করোনাকালীন সময়ে বিশেষ করে স্বাস্থ্যখাতে সরকার, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন দুর্নীতি দেশবাসীর সামনের প্রকাশ করার কারণেই দেশের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনার প্রতি যা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমরা কল্পনাও করতে পারি না রোজিনা মতো একজন উচ্চ পর্যায়ের সংবাদকর্মী যিনি সব সময় সত্য প্রকাশ করেছেন তাকে আটকে রেখে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা দেশের বাইরে যেতে বললেও সরকার যেতে দিচ্ছে না, কারণ তিনি গণতন্ত্রের পক্ষের একজন সৈনিক।

তিনি আরও বলেন, বিএনপি অনেক আগে থেকে বলে আসছে এদেশে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সাধারণ মানুষের কোনো অধিকার নেই। মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। ভিন্ন মতের হলেই সমস্যা। কোনটাকে তারা গণতন্ত্র বলছে? ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বলা যায় না।

নিজেদের স্বার্থে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রোজিনা ইসলামের মতো অনেকের সঙ্গে এমনটি ঘটেছে। এ সরকারের বিরুদ্ধে সত্য প্রকাশ করার কারণে এখন পর্যন্ত প্রায় ৫০ জন সংবাদকর্মীকে দেশ ছাড়তে হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার কথা বললেও আজও কোনো হদিস মেলেনি। সরকারের বড় বড় কর্তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করার কারণে তাদের হত্যা করা হয়েছে। এ সরকারের সময়ে সাংবাদিকদের নজিরবিহীন ঘটনা ঘটছে।

‘এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয় সংবাদকর্মীদের। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদকর্মীদের জব্দ করছে সরকার।’

ভবিষ্যতে আর যেন কেউ সত্য প্রকাশ করতে না পারে সে জন্য রোজিনার সাথে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুর রহমান তুহিনসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত