বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচে খেলা হচ্ছে না দলের এক নম্বর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার। ইনজুরির কারণে চলমান জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
রানা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইনজুরির কারণে কোচ ও ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করছি ।ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়া হচ্ছে না। দলের প্রতি শুভ কামনা থাকল । সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’
শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলরক্ষক রানা মঙ্গলবার অনুশীলনও করেননি। বাংলাদেশ দল সবশেষ মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলেছে। সেই আসরে অবশ্য কোনো ম্যাচেই সুযোগ হয়নি রানার।
রানার পরিবর্তে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানিয়েছে বাফুফে।
